
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৪, ১৬:২৩

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। তারা নিজ নিজ এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে নিজেদের পক্ষে ভোট চাইছেন। তবে এই সময়েও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দিকে তাকিয়ে আছেন বেশ কয়েকজন হেভিওয়েট সংসদ সদস্য প্রার্থী। তাদের নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের ভাগ্য এখন ঝুলে আছে আদালতের সিদ্ধান্তের ওপর।
তাদের মধ্যে ভোটে অংশ নিতে তিন প্রার্থী এবং মাঠ থেকে ছয় প্রার্থীকে সরিয়ে দিতে করা আবেদন শুনানির অপেক্ষায় কার্যতালিকায় রয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) শুনানি শেষে এসব আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
ভোটের মাঠে ফিরতে আবেদন করা তিন প্রার্থী হলেন, বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ এবং নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন।

আর ভোটের মাঠ থেকে যে ছয় প্রার্থীকে বাদ দিতে আবেদন করা হয়েছে তারা হলেন, ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক, যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুল, ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমান মানিক, গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ, সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান এবং লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান প্রধান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি ও এক শতাংশ ভোটারের সমর্থনে গড়মিলসহ বিভিন্ন কারণে নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিল হওয়া অন্তত ১৭ প্রার্থীর বিষয়ে সর্বোচ্চ আদালতে শুনানি হবে।মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে এসব আবেদন বিষয়ে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।