
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ২:৫৯

মেহেরপুরে নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপি'র ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ ডিসেম্বর) ভোরে জেলার গাংনী উপজেলার বামন্দী এলাকা থেকে ১০ জন ও মেহেরপুর সদর উপজেলা এলাকা থেকে আরও ১ একজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বামন্দী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল (৫৫), সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো(৫৪), বিএনপি কর্মী মো: মহিদুর রহমান (৪৮), মো: বশির আহমেদ,মো: রফিকুল ইসলাম,মো: আবু তাহের (৬০),মোঃ শরিফুল ইসলাম (৫১),মোঃ আশরাফুল ইসলাম,মো: নাহারুল ইসলাম (৪২),মো: হাবিবুর রহমান (৩৩) ও মেহেরপুর সদর উপজেলার পৌর বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ মিরন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজুল ইসলাম ও জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন অলিনগর নামক স্থানে বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা ও মেহেরপুর গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসান খান জানান, হরতাল-অবরোধের নামে বিএনপি নেতাকর্মীরা নাশকতার অপচেষ্টা করছিল। এ সময় কয়েকজনকে আটক করা হলেও পালিয়ে যায় আরও কয়েকজন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে আটকৃতদের আদালতে সোপর্দ করা হবে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে যারা পালিয়ে গেছে তাদের সনাক্তপূর্বক আটকের জন্য অভিযান চলছে।