
প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ৩:৩০

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ছাত্রলীগের নেতা-কর্মিদের উদ্দেশ্যে বলেছেন, সময়ের প্রয়োজনে ছাত্রলীগ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ ছাত্রলীগ হলো একটি এলিট ফোর্স।
তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে ছাত্রলীগকে। জাতীয় নির্বাচনের আর মাত্র পৌনে দুই বছর বাকী আছে। আগামী নির্বাচনেও ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত নেবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে সপ্তাহব্যাপী চলা কর্মসূচির তৃতীয় দিনে কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন তিনি। আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধি সৌধের ১ নম্বর গেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে নানক বলেন, ছাত্রলীগকে হতে হবে শেখ হাসিনার নির্ভরতার ক্যান্টনমেন্ট। তাই ছাত্রলীগকে সুশৃংখল হতে হবে। সুসংগঠিত হতে হবে। তবেই শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।

নানক বলেন, ছাত্রলীগ নেতা-কর্মীদের বঙ্গবন্ধু সম্পর্কে আরো শিখতে, জানতে ও বুঝতে হবে। নিজেদের জীবনে বঙ্গবন্ধুর জীবনকে অনুসরণ করতে হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত গুরু দায়িত্বগ্রহণ করেছেন। সেই গুরু দায়িত্ব গ্রহণ করতে গিয়ে নানা ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তাকে ১৯ বার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। হত্যার চেষ্টা করা হয়েছে।
তিনি আরো বলেন, বিডিআর বিদ্রোহ ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হয়েছে। শেখ হাসিনার চৌকস নেতৃত্বের কারণে তা ব্যর্থ হয়েছে। হেফাজতের শাপলা চত্বরের আন্দোলনও শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হয়েছিল।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সারহান নাসের তন্ময়, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আবু সাইদ আল মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন খোকন।