মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শ দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ একবাক্যে মেনে নিয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের যাচাইকৃত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, প্রথমে পদত্যাগের নির্দেশকে শাস্তি মনে হলেও প্রধানমন্ত্রী আগেই বুঝতে পেরেছিলেন, একটি গণমাধ্যম ও সাধারণ স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁর বিরুদ্ধে শক্তিশালী ও ক্ষতিকর পরিকল্পনা সাজিয়েছে। তাঁর দাবি, পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকভাবে নেতিবাচক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তাঁর চরিত্র হনন এবং তাঁকে জনসমালোচনার মুখে ফেলার চেষ্টা করা হতো।
তিনি আরও বলেন, শুভাকাঙ্ক্ষী জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি করে তাঁকে একঘরে করার পরিকল্পনা ছিল। এমন পরিস্থিতি সৃষ্টি করা হতে পারত, যাতে তাঁর রাজনৈতিক জীবনের অবসান ঘটে। অতীতেও একই চক্র তাঁর বিরুদ্ধে ভয়াবহ অন্যায় পরিকল্পনা করেছিল বলে প্রধানমন্ত্রী তাঁকে স্মরণ করিয়ে দিয়েছিলেন।
ইশরাক নিজেকে প্রধানমন্ত্রীর প্রতি অন্ধ বিশ্বাস রাখা একজন কর্মী উল্লেখ করে বলেন, তারেক রহমান তাঁকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং সবসময় তাঁর মঙ্গল নিয়ে ভাবেন। জীবনে একাধিকবার তিনি এর প্রমাণ পেয়েছেন বলেও দাবি করেন।