
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১৫:৫৩
করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক খাতেও। একের পর এক ক্রয় আদেশ বাতিল হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক। তিনি জানান, করোনার কারণে পোশাক খাতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।রবিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় একথা জানান তিনি। ভিডিও বার্তায় দেশের পোশাক রপ্তানিখাত নিয়ে তিনি বলেন, ‘ভয়াবহ অবস্থা চলছে আমাদের। বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সমস্ত ক্রেতারা তাদের সমস্ত ক্রয়াদেশ (অর্ডার) আপাতত বাতিল করছেন। এখন পর্যন্ত বাতিল হওয়া অর্ডারের আর্থিক পরিমাণ ১ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। তারা স্থগিত বললেও আমাদের জন্য স্থগিত ও বাতিল একই জিনিস।
ইতালি, জার্মানিসহ কয়েকটি দেশে এরই মধ্যে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। অনেক জায়গাতেই বন্ধ করে দেয়া হয়েছে দোকান। কমেছে স্থানীয় কিংবা আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিসর। বেশি আক্রান্ত স্থানগুলোতে বিভিন্ন ব্র্যান্ড নির্দিষ্ট সময়ের জন্য গুটিয়ে নিয়েছে তাদের আউটলেট। এমন অবস্থায় ক্রেতারা বাতিল করছেন ক্রয়াদেশ। আর এতে ভয়াবহ সংকটে পরতে যাচ্ছে তৈরি পোশাকশিল্প।
