
প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ১৬:৩৩

রোজার ঈদের আগে পরে সৃষ্ট পরিস্থিতি এড়াতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের আসন্ন কোরবানির ঈদে গ্রামের বাড়ি না যেতে নির্দেশনা দিয়েছে সরকার। তবে এই খাতের লাখ লাখ শ্রমিক ছুটি পেয়ে দল বেঁধে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হলে তাদের ফেরানো কঠিন বলে মনে করছে শিল্প পুলিশ।তৈরি পোশাক খাতে ৪০ লাখের বেশি শ্রমিক কাজ করে। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমঘন এ শিল্পের শ্রমিকরা যেন ঈদের তিনদিন ছুটি পেয়েই গ্রামের বাড়িমুখো না হয় সে জন্য পোশাক মালিকদেরও সতর্ক থাকতে বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
সম্প্রতি গার্মেন্টস মালিক এবং শ্রমিক নেতাদের সঙ্গে প্রতিমন্ত্রীর এক বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়।সরকারের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প পুলিশ) ফরহাদ হোসেন বলেন, ‘শ্রমিকরা যাতে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে না যায় সে বিষয়ে আমরা সচেতন আছি। তবে যদি লাখ লাখ শ্রমিক ছুটি পেয়ে বাড়ির পথে রওনা দেন সেক্ষেত্রে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’
