
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১০:৩০

২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও আলোচিত দিন হিসেবে স্মরণীয় হয়ে আছে। এদিন দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি পালিত হয়। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যন্ত এক দফা দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশ। আন্দোলনকারীদের একমাত্র দাবি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। কারফিউ, সংঘর্ষ, গুলিবর্ষণ এবং প্রাণহানির মধ্যেই আন্দোলনের কৌশলে বড় পরিবর্তন আসে। ৬ আগস্ট নির্ধারিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরবর্তী সময়ে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়।
