
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৭:১২

তিন দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তার বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করে।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, সার্জিও গোরের বাংলাদেশ সফরকে তিনি স্বাগত জানাচ্ছেন। তার মতে, এ সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার হবে।
সফরের প্রথম দিনেই সার্জিও গোরের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বেড়ে যাওয়ায় এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। প্রধানমন্ত্রীর চীন সফর, বিভিন্ন দেশের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ওয়াশিংটনের অবস্থান জানার ক্ষেত্রেও এ সফর তাৎপর্যপূর্ণ হতে পারে।

গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সার্জিও গোর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সফরকারী তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ পৃথক সময়ে ঢাকা সফর করেন।
কূটনৈতিক মহলের ধারণা, এবারের আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান, অর্থনৈতিক সহযোগিতা এবং ঢাকা–ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা গুরুত্ব পাবে। একই সঙ্গে চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দুই দেশের মতবিনিময়ও হতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সার্জিও গোরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। বর্তমানে নয়াদিল্লিকে কার্যক্রমের কেন্দ্র হিসেবে তিনি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদারের দায়িত্ব পালন করছেন।