স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধন করতে চায়। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি। বরং সংবিধান সংশোধনের বিষয়েই অবস্থান স্পষ্ট করেছে। তাই এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি বা ভুল ব্যাখ্যার কোনো অবকাশ নেই।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একসঙ্গে সনদে স্বাক্ষর করলেও গণভোটসংক্রান্ত একটি অংশ নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। একইভাবে উচ্চ কক্ষ গঠনের বিষয়েও বিএনপি কখনো একমত ছিল না। তিনি বলেন, সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজস্ব নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবে। কিন্তু বর্তমানে বিষয়টির ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
মির্জা ফখরুল দাবি করেন, বাংলাদেশে সংস্কারের সূচনা বিএনপিই করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের বিধানও বিএনপির উদ্যোগেই সংসদে পাস হয়েছিল। বর্তমানে বিরোধী দল মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি কখনোই জুলাই আন্দোলনকে কোনো রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না।
বিশ্ব পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে অস্থিরতা বিরাজ করছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবার আদর্শ অনুসরণ করে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
পে-স্কেল: মূল বেতন বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা শিগগির
এ সময় তিনি আরও দাবি করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির ৬০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন।