শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা আধুনিক শিক্ষাপদ্ধতির সঙ্গে আরও দক্ষভাবে নিজেদের সম্পৃক্ত করতে পারেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সেগুলোর সমাধান করা হবে। একই সঙ্গে শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে সরকার।
ববি হাজ্জাজ বলেন, শহর ও গ্রামের শিক্ষার মধ্যে যে বৈষম্য রয়েছে, তা কমাতে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে বিদ্যমান কাঠামো সমৃদ্ধ করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে।
তার ভাষ্য, নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ ও লেখার দক্ষতার ঘাটতি দূর করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব হবে।
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শেখার পরিবেশ আরও উন্নত করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা প্রতিমন্ত্রী।