দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের জন্য আধুনিক ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, একটি সুস্থ ও সবল জাতি গড়তে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে সরকারি ব্যবস্থাপনার আওতায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে চিকিৎসা ব্যয় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই শুধু চিকিৎসা প্রদান নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য। নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করবেন এবং বিশেষ করে পরিবারের নারী প্রধানদের খাদ্যাভ্যাস, পুষ্টিগুণ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেবেন।
তিনি উল্লেখ করেন, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে এবং হাসপাতালের ওপর রোগীর চাপও কমে আসবে।
এর আগে প্রধানমন্ত্রী শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।