দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৮ এপ্রিল থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই গুরুত্বপূর্ণ উদ্বোধনী কার্যক্রমে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করবেন।
মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, জ্বালানি লোডিং শুরু হলে প্রকল্পটি ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদনের দিকে এগোবে। এটি দেশের ইতিহাসে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পর্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমে জ্বালানি লোডিংয়ের আনুষ্ঠানিক পথ উন্মুক্ত হয়।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহিদুল হাসান জানান, রিয়্যাক্টরে জ্বালানি লোডিং সম্পন্ন করতে প্রায় ৩০ থেকে ৪০ দিন সময় লাগবে। এরপর ধাপে ধাপে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে।
তিনি আরও জানান, এই ধাপটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। নিরাপত্তা যাচাই শেষে উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।
প্রকল্পটি রাশিয়ার প্রযুক্তি ও অর্থায়নে পদ্মা নদীর তীরে ঈশ্বরদীতে নির্মিত হচ্ছে, যেখানে দুইটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর রয়েছে।