বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে ৯৫তম স্থানে নেমে এসেছে। এর আগে তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম। সম্প্রতি আন্তর্জাতিক বিনিয়োগ ও অভিবাসন পরামর্শ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে।
নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এসব দেশের মধ্যে রয়েছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।
এছাড়া নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতুতেও বাংলাদেশিরা সহজ ভ্রমণ সুবিধা পান।
কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও কয়েকটি দেশে ভ্রমণের আগে ই-ভিসা নিতে হয়। অর্থাৎ সম্পূর্ণ ভিসামুক্ত ভ্রমণের পাশাপাশি সহজ ভিসা ব্যবস্থাও অন্তর্ভুক্ত হয়েছে এই তালিকায়।
সূচক অনুযায়ী, পাসপোর্ট শক্তির তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ভ্রমণ সুবিধা বাড়াতে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, অর্থনৈতিক শক্তি বৃদ্ধি এবং অভিবাসন নীতির উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।