চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি ব্যবস্থাপনায় তদারকি ও সমন্বয় জোরদার করতে দেশের সব পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি ট্যাগ অফিসার নিয়োগ করবে।
অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা তাদের অধিক্ষেত্রাধীন পেট্রোল পাম্পের জন্য কর্মকর্তাদের নিয়োগ দেবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা প্রতিটি পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব প্রদান করবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিদিন জ্বালানি সরবরাহ, মজুত পরিস্থিতি ও বিপণন কার্যক্রম পর্যবেক্ষণ করে দৈনিক প্রতিবেদন জমা দিতে হবে।
সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
সরকার মনে করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি, অনিয়ম নিয়ন্ত্রণ এবং মাঠপর্যায়ে কার্যকর নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে।