আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পূর্বে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটি এ বিষয়ে সুপারিশ দিয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতে পাইলটিং কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ১০ মার্চ একযোগে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রতিটি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে সুবিধাভোগীদের মধ্যে সর্বজনীনভাবে কার্ড বিতরণ করা হবে। প্রকল্পটি একটি চলমান প্রক্রিয়া হিসেবে ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারিত হবে।
মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মূলত হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত তিনটি শ্রেণির পরিবারের মা–রা আর্থিক সহায়তা পাবেন। প্রতি মাসে সুবিধাভোগীরা ২,৫০০ টাকা করে পাবেন।
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও তাদের অর্থনৈতিক স্বাবলম্বী করা এই প্রকল্পের মূল লক্ষ্য। একজন নারী স্বাবলম্বী হলে পুরো পরিবার স্বাবলম্বী হয় এবং আগামী প্রজন্মও এর মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠে। মন্ত্রী উল্লেখ করেন, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী অঙ্গীকারের অংশ এবং প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে প্রকল্পটি বাস্তবায়নের কাজ করেছেন।