
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে প্রধানমন্ত্রী হিসেবে গোপনীয়তার শপথও পাঠ করানো হয়।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথ গ্রহণের পর তারেক রহমান শপথের দুটি নথিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন এবং রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করান।
এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠানটি সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয়।
জানা গেছে, সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি এবং এরই মধ্যে নতুন সংসদ সদস্যরা শপথ সম্পন্ন করেছেন।