
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪, ৩:৪৫

জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আইনজীবী ফোরামের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়নে অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘে দেওয়া বক্তব্যের প্রশংসা করেন। তিনি বলেন, ড. ইউনূসের সাহসী বক্তব্যের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও নিরাপত্তার বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধানে প্রত্যাহারকৃত ২৪১টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা জরুরি। পাশাপাশি, ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি বাতিল এবং ল্যান্ড কমিশনের কার্যক্রম পুনরায় শুরু করার দাবি জানানো হয়। তারা পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মানোন্নয়ন, পর্যটন শিল্পের প্রসার এবং রাবার শিল্পকে কৃষি শিল্প হিসেবে উন্নীত করার প্রস্তাব দেন।
শাহজাহান চৌধুরী বলেন, ভারতের সঙ্গে করা দেশবিরোধী অবৈধ চুক্তি বাতিল করা প্রয়োজন। এ ধরনের চুক্তি দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পার্বত্য চট্টগ্রাম বিষয়ে নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন এবং বর্তমান সরকারের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা পার্বত্য চট্টগ্রামকে পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলার পাশাপাশি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বন্দর স্থাপনের প্রস্তাব দেন। এতে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হবে বলে মত প্রকাশ করা হয়।
সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক আহসান উল্লাহ, অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, চট্টগ্রাম আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট ইব্রাহিম মুজাহিদসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তারা আশা প্রকাশ করেন যে অন্তর্বর্তী সরকার পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
সভায় পার্বত্য চট্টগ্রামকে উন্নত ও শান্তিময় অঞ্চলে পরিণত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।