
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ৩:৪৭

বঙ্গভবন ও জাতীয় সংসদ সচিবালয়ের মতো বাংলাদেশ সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ৩০ শতাংশ বিশেষ ভাতা চালুর দাবি জানিয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। দাবি বাস্তবায়নে সোমবার মন্ত্রিপরিষদসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও অর্থ বিভাগের সচিবকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সই করা স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
৩০ শতাংশ ভাতা চালুর জন্য তাদের যৌক্তিকতা হলো―সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দেশের নীতিনির্ধারণী কাজের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় অধিকাংশ সময় নির্ধারিত সময়ের বাইরে কাজ করতে হয়।
ভিভিআইপি, ভিআইপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমমন্ত্রী, মন্ত্রিপরিষদসচিব, জ্যেষ্ঠ সচিব, সচিবসহ নীতিনির্ধারকদের সঙ্গে সর্বদা কাজ করতে হয়। ফলে অফিস সময়ের পরে, এমনকি ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হয়। তাই তাদের জন্য সচিবালয় ভাতা চালু করা প্রয়োজন।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই হাজার টাকা তথ্য-প্রযুক্তি ভাতা চালু করতে হবে।
ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে চালু হওয়া গৃহনির্মাণ ঋণের মাসিক কিস্তি শুধু বাড়ি ভাড়ার সমপরিমাণ অর্থ কর্তন করা এবং বাকি অর্থ পেনশন থেকে সমন্বয় করতে দাবি জানানো হয়। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনর্বহাল করতে হবে। সচিবালয়ের যেসব কর্মকর্তা-কর্মচারীর যাতায়াত সুবিধা নেই তাদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পৃথকভাবে আরো চারটি এবং মন্ত্রিপরিষদসচিবের কাছে মোট ৯টি দাবি জানানো হয়েছে।