
প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ৪:৪১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস মালিকদের দাবির মুখে বাস ভাড়া বাড়াল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা ঠিক করা হয়েছে। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।
রোববার (৭ আগস্ট) থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।শনিবার (৬ আগস্ট) রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে পরিবহন খাতের নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। বিকেল ৫টায় শুরু হওয়া বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

নুর মোহাম্মদ মজুমদার বলেন, মূল্য নির্ধারণ কমিটি যাবতীয় কস্টিং এবং তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে একমত হয়েছে। সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুমতি নেওয়া হয়েছে। আগে দূরপাল্লার ভাড়া ছিল প্রতি কিলোমিটার ১ টাকা ৮০ পয়সা৷ প্রস্তাব করেছি ২ টাকা ২০ পয়সা। যা মন্ত্রী কর্তৃক অনুমোদিত। ভাড়া পুনর্নির্ধারণ করা হলো ২ টাকা ২০ পয়সা।
