
প্রকাশ: ২০ জুন ২০২২, ০:৩৮

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে রাজনৈতিক দল হিসেবে সেতু কর্তৃপক্ষ প্রথম আমন্ত্রণ জানাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে।
সোমবার (২০ জুন) বিকেলে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সেতু কর্তৃপক্ষ দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পত্র দেবে।
আমন্ত্রণ পত্রের বিষয়ে সায়েম খানের কাছে জানতে চাইলে তিনি আরও বলেন, সন্ধ্যায় ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সেতু কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র নিয়ে আসার কথা রয়েছে।

এদিকে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম ইনিউজ৭১ কে বলেন, ‘পদ্মা সেতু তৈরি করা এটা একটা বড় চ্যালেঞ্জের কাজ ছিল আমাদের। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমরা শেষপর্যায়ে চলে আসতে পেরেছি।’
বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একদিন পর ২৬ জুন থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। এটি দেশের পদ্মা নদীর ওপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তর-পূর্বাংশের সংযোগ ঘটবে।
দুই স্তরবিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির ওপরের স্তরে থাকবে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরটিতে একটি একক রেলপথ। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসানো হয়েছে। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত দেশটির সবচেয়ে বড় এ সেতু।
পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। খরস্রোতা পদ্মা নদীর ওপর ৩০ হাজার ১৯৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মাণ হয়েছে স্বপ্নের এ সেতু। ২০১৪ সালে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়।