
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ৪:৪৭

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, টেকনিক্যাল কারণে ছাত্রদের সঙ্গে পুলিশের সফট (নমনীয়) আচরণ থাকে। গুলি করে বা শক্তি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা বুদ্ধির কাজ নয়।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, ছাত্রদের মোকাবিলা করার সময় পুলিশের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। এটা সাধারণ কোনো গ্যাদারিং (জমায়েত) নয় যে গুলি করে সরিয়ে দেওয়া হবে। ছাত্ররা তাদের কলেজের (ঢাকা কলেজ) ১০ তলা ভবনে উঠে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করছে। এর ভেতর শ্রমিকদেরও বোঝানোর চেষ্টা করা হয়েছে। আইজিপিও কথা বলেছেন ডিসির (উপকমিশনার) সঙ্গে।

শফিকুল ইসলাম বলেন, পুলিশের লক্ষ্য হলো একটা পক্ষকেও যদি নিবৃত্ত করা যায়। কিন্তু এখানে শুধু নিউমার্কেট নয়, আশপাশের সমস্ত মার্কেটের শ্রমিকেরাও নেমে গেছেন। এখান থেকে যত (সচিবালয়ের সভা) সহজ মনে হচ্ছে, মাঠে আরও জটিল হচ্ছে। যেখানে যেখানে খবর পাওয়া যাচ্ছে, সেখানেই পুলিশ পাঠানো হচ্ছে। আর টেকনিক্যাল কারণে ছাত্রদের সঙ্গে পুলিশের আচরণটি সফট (নমনীয়) থাকে। গুলি করে বা শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বুদ্ধির কাজ নয়।