রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে হাইকোর্টে রিট করা হয়। নিয়োগ জালিয়াতি নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে আবেদনটি করা হয়েছিল।
প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, প্রকল্পের গুরুত্ব বিবেচনায় দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের কথা থাকলেও বাস্তবে উল্টো ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, বড় অঙ্কের ঘুষের বিনিময়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং জাল সনদের মাধ্যমে স্থায়ী চাকরি দেওয়া হয়েছে।
প্রকল্প পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
হাইকোর্টের নির্দেশের ফলে অভিযোগের সত্যতা যাচাইয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে এবং প্রকৃত চিত্র সামনে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।