একটি সু’সংবাদের আশায় এখন সারা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে, ‘মৃতের সংখ্যা কমে আসছে’। কিন্তু হায়! এই কথাটা লেখা তো দুরে থাক, চিন্তাই যেন করা যাচ্ছে না। কারণ, প্রতিদিনই পাল্লা দিয়ে জ্যামিতিক হারে বাড়ছে মৃতের সংখ্যা। যা শেষ এক সপ্তাহে হয়েছে দ্বিগুন।
অবিশ্বাস্য হলেও সত্য, ৩ এপ্রিল সারা বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার পার হয়েছিল। গত বছর মধ্য ডিসেম্বরে উহানে করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর প্রায় সাড়ে তিন মাসে মৃত্যু ঘটেছিল ৫০ হাজার মানুষের। কিন্তু পরে মাত্র এক সপ্তাহেই সেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুন। অর্থ্যাৎ, বরাবর এক সপ্তাহের ব্যবধানে, ১০ এপ্রিল মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেলো এক লাখ।
মৃত্যুর এই পরিসংখ্যানই জানান দিচ্ছে, করোনাভাইরাসের পরিস্থিতি দিনের পর দিন কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন প্রতি দিনই কমপক্ষে ৫ হাজার মানুষের মৃত্যু ঘটছে। কখনো কখনো সেটা ৭ থেকে ৮ হাজার ছাড়িয়ে যাচ্ছে।
জ্যামিতিক হারে এরপর কিভাবে মৃত্যু বেড়েছে, সেটা লক্ষ্য করলেই শিউরে উঠতে বাধ্য যে কেউ। ৩ এপ্রিল রাতেই মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যায় ৫০ হাজার। ৪ এপ্রিল লিখতে হলো, মৃত্যু ৬০ হাজার ছাড়ালো। এরপর ৭ এপ্রিল লেখা হলো মৃত্যুর সেই সংখ্যা ছাড়িয়ে গেছে ৭৫ হাজার। পরের দিনই লিখতে হয়েছিল মৃত্যু ছাড়িয়ে গেছে ৮১ হাজার।
শেষ পর্যন্ত ১০ এপ্রিল রাতে, তথা ৫০ হাজার মৃত্যু সংখ্যা ছাড়িয়ে যাওযার ঠিক এক সপ্তাহ পর, লিখতে হলো, ১ লাখ ছাড়িয়ে গেছে। আগামী এক সপ্তাহ পর কি লিখতে হবে, আল্লাহই হয়তো ভালো জানেন। কিন্তু পরিস্থিতি একের পর এক খারাপের দিকেই যাচ্ছে। কোথাও কোনো আশার আলো দেখা যাচ্ছে না।
ওয়ার্ল্ডোমিটারে করোনা আপডেটে চোখ রাখলেই বোঝা যায়, কত দ্রুত আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। প্রতি কয়েক সেকেন্ড পরপর পরিবর্তন হচ্ছে এই সংখ্যা। সর্বশেষ আপডেট (এ রিপোর্ট লেখা পর্যন্ত) আক্রান্ত ছাড়িয়ে গেছে ১৭ লাখ (১৭ লাখ ১০ হাজার ৭৯৮জন)। মৃতের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৫১২ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৭৩জন।