
প্রকাশ: ৬ মার্চ ২০২০, ১৮:৪৮

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র জুমার খুতবা ও নামাজ ১০ মিনিটের মধ্যে শেষ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির ধর্মীয় প্রতিষ্ঠান ওয়াকাফ। বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবারের খুতবা সংক্ষিপ্ত করা হবে। সাধারণত খুতবা ২০ মিনিটের মধ্যে সমাপ্ত হয়।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের শরিয়া কাউন্সিল ফতোয়া জারি করে বলেছে, করোনা ভাইরাসে আক্রান্ত কিংবা এমন আশঙ্কায় রয়েছেন তাদের জুমার নামাজ আদায়ে মসজিদে না আসা উত্তম। দেশটির রাজধানী আবুধাবির শিল্পনগরী ঐতিহ্যবাহী সাপ্তাহিক মোচ্ছাফ্ফা বাজার (বাংলা বাজার) সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে বৃহস্পতি ও শুক্রবারে বাংলা বাজার বসবে না।

৭ মার্চের পর থেকে বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া ও লেবাননের নাগরিকদের, পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর নামক মেডিকেল টেস্ট সম্পন্ন করার মাধ্যমে, করোনাভাইরাসমুক্ত নিশ্চিত করে, তারপর কুয়েতে প্রবেশ করতে হবে। এখন পর্যন্ত ৩ হাজার ৩শ’ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন।
শুধু চীনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৩০ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেখানে এখন পর্যন্ত ৬ হাজার এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৪০ জন। অপরদিকে চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। সেখানে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৯ এবং মৃত্যু হয়েছে ১০৭ জনের।