প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৯

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। দেশগুলো নিজস্ব শিল্পে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য অসম প্রতিযোগিতা তৈরি করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বড় অর্থনীতিগুলো শুল্কের আওতায় আসতে পারে। কয়েক মাসের তদন্ত শেষে চলতি সপ্তাহে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ফলাফল প্রকাশ করতে পারেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) শুল্ক ঘোষণার সম্ভাবনা রয়েছে, যদিও হোয়াইট হাউস বা বাণিজ্য প্রতিনিধির দপ্তর আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
