আবারো ভারতীয় এক যুদ্ধবিমান ভেঙে পড়েছে। রবিবার সকালে ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯কে বিমান ভেঙে পড়ে। এনডিটিভি বলছে, বিমান চালক অক্ষত রয়েছেন। এক টুইট বার্তায় ভারতীয় নৌ-সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে।
ভেঙে পড়া বিমানটি নিয়ে নৌ-বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশে উড়ন্ত অবস্থায় পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার ফলে বিমানটির ডান ইঞ্জিনে আগুন ধরে যায়। ব্যর্থ হয় বাম ইঞ্জিনটিও।
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, গোয়ার ভাস্কোতে অবস্থিত আইএনএস হংস বেস থেকে উড়েছিল বিমানটি। এনডিটিভি জানিয়েছে, বিমানটির দুই চালক ক্যাপ্টেন এম শেওখান্দ ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পেরেছেন বিমান থেকে। দুই চালকের তৎপরতায় লোকালয় এড়িয়ে বিমানটি ভেঙে পড়ে ফাঁকা জমিতে। তাদের কোনও আঘাত লাগেনি।
নৌ-বাহিনীর টুইটে বলা হয়েছে, ‘‘আজ সকালে ১০.৩০ নাগাদ একটি মিগ ২৯কে বিমান একটি রুটিন প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে গোয়ায়। বিমান চালক অক্ষতভাবে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” এর আগেও বিভিন্ন সময়ে দেশটির অনেক যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।