অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে লেবানন সরকার। এই ঘোষণার পর থেকেই বৈরুতে বাংলাদেশ দূতাবাসে শুরু হয়েছে বিশেষ নিবন্ধন কার্যক্রম, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নিচ্ছেন।
চলমান নিরাপত্তা পরিস্থিতি ও অনিশ্চয়তার মধ্যে এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার (১০ মে) সকাল থেকে দূতাবাসে আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যায়। তারা ফরম পূরণ করে পাসপোর্ট, ইকামা, ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।
দূতাবাসের হলরুমে প্রথমে নারী ও শিশুদের আবেদন গ্রহণ করা হয়, পরে পুরুষদের আবেদন নেওয়া হয়। পুরো কার্যক্রমে প্রবাসীদের সহযোগিতা নিশ্চিত করতে দূতাবাস কর্মকর্তারা সরাসরি তদারকি করেন।
দূতাবাস সূত্র জানায়, প্রথম দিনেই ৩০৬ জন প্রবাসী দেশে ফেরার জন্য আবেদন করেছেন। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং ১৪ মে থেকে দ্বিতীয় ধাপে আবারও নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।
বাংলাদেশ দূতাবাস সতর্ক করে জানিয়েছে, কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে অর্থ লেনদেন না করতে। সরাসরি দূতাবাসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া দ্রুত প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করছে বলে জানিয়েছে দূতাবাস। অনেক প্রবাসী এই উদ্যোগকে দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকে মুক্তির সুযোগ হিসেবে দেখছেন।