প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৬

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে অস্ট্রেলিয়ার একটি বড় তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের তথ্য উঠে এসেছে, যা দেশটির জ্বালানি খাতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার মধ্যরাতের কিছু আগে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তখনই বিস্ফোরণ ও আগুনের খবর নিশ্চিত হয়, যা দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
দীর্ঘ প্রায় ১৩ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। অবশেষে বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা, যদিও এতে শোধনাগারের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার সময় কর্মরত শ্রমিকদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই শোধনাগারটি ভিক্টোরিয়া রাজ্যের প্রায় ৫০ শতাংশ জ্বালানি সরবরাহ করে এবং জাতীয় পর্যায়ে এর অবদান প্রায় ১০ শতাংশ। তাই এ ধরনের দুর্ঘটনা জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, বৈশ্বিক বাজারে আগে থেকেই চাপের মধ্যে থাকা জ্বালানি খাতে এই ঘটনা নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি বলে তিনি জানান।
শোধনাগারটির প্রধান নির্বাহী স্কট ওয়ায়াট জানান, আগুনে দুটি পেট্রোল উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্যান্য ইউনিট অক্ষত রয়েছে এবং আংশিকভাবে উৎপাদন চালু রাখা হয়েছে।

এদিকে জিওলংয়ের মেয়র স্ট্রেচ কন্টেলজ ঘটনাটিকে ভয়াবহ আখ্যা দিয়ে বলেন, এটি স্থানীয় অর্থনীতি ও মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, যন্ত্রপাতির ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।