ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিজয় হিসেবে দাবি করেছে হোয়াইট হাউজ। বুধবার (৮ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বলেন, ১৪ দিনের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সাফল্যের ফল। তার দাবি, মাত্র ৩৮ দিনের অভিযানে যুক্তরাষ্ট্র তাদের মূল সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পেয়েছে।
তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীর কার্যকর অভিযানের ফলে শক্তিশালী দরকষাকষির অবস্থান তৈরি হয়। এই অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে কঠিন কূটনৈতিক আলোচনায় বসার সুযোগ করে দেয়, যার ফল হিসেবে যুদ্ধবিরতি বাস্তবায়নের পথ তৈরি হয়েছে।
লেভিট আরও বলেন, এই আলোচনা ভবিষ্যতে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা সৃষ্টি করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, মার্কিন স্বার্থ রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের সক্ষমতাকে কখনো অবমূল্যায়ন করা উচিত নয়।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ ও নিরাপদভাবে খুলে দেবে।
যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়েছে এবং যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে।