
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৭

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে গুম, ভয়ভীতি ও দমন–পীড়নের যে পরিবেশ ছিল, অন্তর্বর্তী সরকারের সময়ে তার কিছুটা অবসান ঘটলেও এখনও মব সহিংসতা, গণগ্রেপ্তার ও জামিন না দেওয়ার চর্চা চলছে।
সংস্থাটির মতে, ২০২৪ সালে ক্ষমতা নেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
বাংলাদেশ সম্পর্কিত সবশেষ বার্ষিক প্রতিবেদনে এইচআরডব্লিউ উল্লেখ করেছে, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হাজারো মানুষকে নির্বিচারভাবে আটকের অভিযোগ উঠেছে এবং মামলায় অজ্ঞাতনামা আসামি করার প্রবণতাও দেখা যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং রাজনৈতিক সহিংসতার বাইরে থাকা বিভিন্ন গোষ্ঠীর তৎপরতাও সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
গণগ্রেপ্তার প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে অন্তত ৮ হাজার ৬০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন আইনে আরও অনেককে আটক করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এইচআরডব্লিউ আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অন্তত ৪০ জন নিহত হওয়ার অভিযোগ উঠেছে এবং রাজনৈতিক সহিংসতায় হাজারো মানুষ আহত হয়েছে।
মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা বেড়েছে এবং সাইবার নিরাপত্তা আইন মতপ্রকাশের স্বাধীনতার ওপর অন্যায্য বিধিনিষেধ আরোপের সুযোগ সৃষ্টি করছে।

সংস্থাটি মনে করে, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল। অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিলেও রাজনৈতিক ঐকমত্যের অভাবে অগ্রগতি সীমিত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।