প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩

অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশটি।
এই ম্যাচ বয়কটের কারণ এবার প্রকাশ্যে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।
শেহবাজ শরিফ জানান, পাকিস্তান ভেবেচিন্তেই এই অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোই তাদের নীতিগত সিদ্ধান্ত। তিনি বলেন, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। ওই সময় থেকেই পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল।
পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, তারা ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ খেলবে না। তবে শুরুতে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

অবশেষে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেন, বাংলাদেশের প্রতি অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই পাকিস্তান এই ম্যাচ বয়কট করছে।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের ম্যাচ নির্ধারিত ছিল। কিন্তু ইতোমধ্যে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পিসিবি।

এদিকে পাকিস্তানের সিদ্ধান্তে আইসিসি সতর্কবার্তা দিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ইঙ্গিত দিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।