
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ২৩:১৯

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসীদের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশি মসজিদ ‘সুরাও আল খায়ের’ বন্ধ করে দিয়েছে কুয়ালালামপুর সিটি করপোরেশন (ডিবিকেএল)। শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে সিটি করপোরেশনের কর্মকর্তারা আগামা ইসলাম’র উপস্থিতিতে বুকিত বিনতাংয়ের জালান নাগাসারি এলাকায় অবস্থিত মসজিদটি বন্ধ করে দেন।
১৩ বছর আগে বাংলাদেশি ব্যবসায়ী হাজী কবির এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। প্রায় ৬০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত ব্যয়ে তৈরি মসজিদটি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ উপাসনালয় হয়ে ওঠে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে ৬০০ থেকে ৭০০ মুসল্লি এবং জুমার নামাজে প্রায় দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতেন। বাংলাদেশি মুসল্লিদের পাশাপাশি অন্যান্য দেশের মুসলিমরাও এখানে নামাজ পড়তেন।
মসজিদটির তত্ত্বাবধায়ক রাসেল রানা জানান, ডিবিকেএল অভিযোগ করেছে যে মসজিদটি সিটি করপোরেশনের জায়গায় নির্মাণ করা হয়েছে, যা মালয়েশিয়ার আইন অনুযায়ী অনুমোদনহীন। এই কারণ দেখিয়ে তারা মসজিদটি বন্ধ করে দেয়।

মসজিদটি বন্ধ হওয়ার খবরে প্রবাসীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুসল্লিদের অভিযোগ, এটি তাদের উপাসনালয় ও সামাজিক সম্পর্ক বজায় রাখার গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এখন এটি বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম অসুবিধার মুখোমুখি হচ্ছেন।

বাংলাদেশি মুসল্লিরা আশাবাদী যে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে এবং মসজিদটি আবার চালু হবে। তবে সিটি করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি এখনো পাওয়া যায়নি।