জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কর কর্মকর্তা আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন। সোমবার (২৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার।
আহসান হাবিব দীর্ঘদিন ধরে দেশের কর প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কর প্রশাসনে দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং কর ফাঁকি রোধে তাঁর ভূমিকা ব্যাপকভাবে আলোচিত।
১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব শিক্ষাজীবনেও অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পাশাপাশি বিসিএস পরীক্ষায়ও নিজের ব্যাচে প্রথম স্থান লাভ করেন।
কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি, অর্থ পাচার এবং আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান পরিচালনা করেন। বিশেষ করে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’-এর বকেয়া কর আদায়ে নেওয়া উদ্যোগে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়।
বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে জাতীয় রাজস্ব আদায় বৃদ্ধি, কর ব্যবস্থার আধুনিকায়ন এবং সুশাসন নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।