দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। যা আগের দামের তুলনায় ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কম।
সংগঠনটি জানায়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম প্রকাশ করা হয়।
এর আগে গত ১৫ জুন ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। পরে ৫ শতাংশ ভ্যাট যোগ করে এক ভরি স্বর্ণালংকারের বিক্রয়মূল্য দাঁড়ায় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা। নতুন সিদ্ধান্তে ভ্যাটসহ দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও দেশীয় পরিস্থিতি বিবেচনায় নিয়মিতভাবে স্বর্ণের দাম সমন্বয় করা হচ্ছে।