প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯

ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করেও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯০ শতাংশের বেশি নম্বর নিয়ে জিপিএ-৫ পেয়েছে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী বুশরা মেহজাবীন। ২০২৪ সালের ৫ জুলাই তার ব্লাড ক্যানসার শনাক্ত হয়। এরপর দুই বছরের বেশি সময় ধরে চিকিৎসা চলছে। নবম ও দশম শ্রেণির অর্ধেকের বেশি সময় কেটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে। টানা সাত মাস সে ছিল জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এখনো প্রতি মাসে একবার কেমোথেরাপি এবং প্রতি তিন মাসে বিশেষ কেমোথেরাপি নিতে হয়। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় মাসের শেষ দিকে অনেক সময় মাথা সোজা করে রাখাও কঠিন হয়ে পড়ে।
