দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ৯ এপ্রিল বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছিল ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায়।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের প্রবণতা, আমদানি ব্যয় এবং স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার মূল্য পরিবর্তনের কারণে নিয়মিত দাম সমন্বয় করা হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ৫৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমানো হয়েছে।
অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার মূল্য সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়েছিল।