
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৩, ২:১১

দিনাজপুরের বিরামপুরে খামারে অসুস্থ মুরগি বিক্রয় করার অভিযোগে বেলাল হোসেন নামের এক খামারিকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের ভেটায় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন মমিনুর ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিরামপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া মহল্লার বেলাল হোসেন তার খামারের অসুস্থ মুরগি বিক্রয় করছিলেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় খামারিকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।