
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৩, ৩:৩৪

মাদারীপুরে ২ হাজার ১০০টি ইয়াবার বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় শহরের পুরানবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার মহিষেরচর এলাকার দবির হোসন মালতের ছেলে মো. সিফাত মালত (২৩) ও একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ওমর ফারুক (২২)।

জেলার গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, শহরের পুরানবাজার মায়ের দোয়া বিরানি হাউস নামক একটি দোকানে বসে মাদক কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক শরীফ আব্দুল রশীদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পরে সিফাত ও ওমর ফারুককে আটক করে পুলিশ। পরে তাদের শরীর তল্লাসি করে ২ হাজার ১০০টি ইয়াবার বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা।
জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে মাদক কেনাবেচা করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই তাদের অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করে আসামিদের থানায় হস্তান্তর করেছে।
