
প্রকাশ: ৭ মে ২০২৩, ৪:১৫

মাদারীপুরে ১ হাজার ৫০০টি ইয়াবার বড়িসহ একাধিক মামলার আসাসি দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার রাত ৮টার দিকে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার কালাইরচর গ্রামের মৃত মোস্তফা আলী হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার (৩৫) ও আউলিয়ারচর গ্রামের মৃত সুলতান মুনশির ছেলে রশিদ মুনশি (৪৮)।

মাদারীপুর সদর থানা পুলিশের সূত্র জানায়, ইয়াবার একটি বড় চালান টেকনাফ থেকে কুমিল্লা হয়ে মাদারীপুরে এসেছে। এমন খবরের ভিত্তিতে শহরের পুরাতন কোর্ট এলাকায় তল্লাসী চৌকি বসায় সদর থানার পুলিশ। থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র সাহা ও মো. শাহজাহাল সন্দেহভাজন একটি মোটরসাইকেল জব্দ করে। এ সময় মোটরসাইকেলের সাথে থাকা সেলিম হাওলাদার ও রশিদ মুনশির ব্যাগ তল্লাসী করে ১ হাজার ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও ইয়াবাসহ দুইজনকে থানায় নিয়ে আসা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, উদ্ধার হওয়া এই মাদক ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত, ‘বেশকিছু নাম পাওয়া গেছে, তাদেরকেও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।