
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪৫

রাজবাড়ীর গোয়ালন্দে ৩০ বোতল ফেন্সিডিলসহ মো. ফরিদুজ্জামান ফরিদ (৩০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তিনি ফরিদ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোহরাব মন্ডলের পাড়ার মৃত কাদের শেখের ছেলে। ফরিদুজ্জামান দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল ফরিদকে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন বলেন, গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে ফরিদুজ্জামানের বিরুদ্ধে। রোববার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা তার ব্যাপারে অধিকতর তদন্ত করবেন।

মাদকসহ দলীয় নেতা গ্রেফতারের বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা বলেন, আমি বিষয়টি শুনেছি। খুবই দুঃখজনক। তবে কারও ব্যক্তিগত পর্যায়ের এ ধরনের কর্মকাণ্ডের খোঁজখবর রাখা খুবই কঠিন। এই ধরনের নেতাকর্মী দলের জন্য ক্ষতিকর। তার বিষয়ে খোঁজখবর নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মিশা আরও বলেন, ফরিদুজ্জামান বা ইউনিয়নের অন্য সব নেতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশে কমিটিতে সুযোগ পায়। উপজেলা কমিটি তাদের বিষয়ে কিছু জানে না।
তবে স্থানীয় অনেকেই জানিয়েছেন, ফরিদুজ্জামান ফরিদ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি ছাড়াও এ রকম আরও কয়েকজন স্বেচ্ছাসেবক লীগের পদপদবিতে সুযোগ পাওয়ায় তারা বিস্মিত।