
প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ২৩:৪৮

নাটোর সদর উপজেলার মল্লিকহাটি মহল্লায় পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শাওন মল্লিকহাটি পশ্চিমপাড়া এলাকার দেলু প্রাং এর ছেলে। হত্যাকারি আলিফ একই এলাকার বাবুর ছেলে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে এঘটনা ঘটে। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে আলিফ হোসেন পলাতক রয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো শাওন আজও প্রতিবেশি সালাউদ্দিনের বাসায় কাজ শেষে বন্ধু আলিফের রিকশায় চড়ে মহল্লার মোড়ের চায়ের দোকানে চা খেতে যায়। সেখানে পাওনা টাকা নিয়ে আলিফ ও শাওনের কথা কাটাকাটি শুরু হয়। পরে আলিফ হাতের কাছে থাকা হাসুয়া দিয়ে শাওনের বাম পায়ের উরুতে কোপ মেরে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে শাওনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
এ ঘটনায় আলিফকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।