
প্রকাশ: ৭ জুলাই ২০২২, ৩:১৭

দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশে নদীর তীরে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। সে নবম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টায় পৌরসভার পূর্বপাড়া-জোলাপাড়া এলাকায় করতোয়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
একই দিন রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে আলাদা দুটি জায়গা থেকে অভিযুক্ত ২ যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলো- ঘোড়াঘাট পৌরসভার জোলাপাড়া গ্রামের বিশু চন্দ্র দাসের ছেলে স্বপন চন্দ্র দাস (২৫) এবং পূর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোরসালিন মিয়া (২২)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, প্রেমিক-প্রেমিকা দুজন মিলে নদীর পাড়ে ঘুরতে গেলে দুজন যুবক তাদের পিছু নেয়। এক পর্যায়ে প্রেমিককে ভয় দেখালে প্রেমিক পালিয়ে যায়। পরে কিশোরীকে আটককৃত দুজন যুবক ধর্ষণ করে। আসামিদেরকে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের আদালতে এবং ভিকটিমকে ডিএনএ পরিক্ষার জন্য দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ভিকটিমের কিছু কাপড়সহ বেশ কিছু আলামত সংগ্রহ করেছি।

তিনি আরও বলেন, গ্রেপ্তার প্রধান আসামি স্বপন চন্দ্র দাসের বিরুদ্ধে পূর্বেরও বেশ কিছু মামলা চলমান রয়েছে।