
প্রকাশ: ৫ এপ্রিল ২০২২, ২:৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাটি ইউনিয়নের শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এঘটনায় মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে বিক্ষোভ প্রদর্শন করেছে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবক সহ এলাকাবাসী। এলাকাবাসী এর আগে গত সোমবার অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের প্রাথমিক সমাপনি পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রী গত ২৭ মার্চ সকালে প্রত্যয়নপত্র নিতে বিদ্যালয়ে যায়। এসময় প্রধান শিক্ষক ওই ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে জড়িয়ে ধরেন। ছাত্রীটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। ছাত্রীর মা প্রধান শিক্ষকের নিকট ওই বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেন। অপরদিকে ছাত্রীর বাবা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও এলাকাবাসীর নিকট বিচার দাবী করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক প্রভাবশালী এবং তার ভাই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। এলাকাবাসী এঘটনার প্রতিবাদে তাদের মেয়ে শিশুদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবি করে গত সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চক্রান্তের শিকার।


উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার অভিযোগ প্রাপ্তি সত্যতা নিশ্চিত করে বলেন, দু’জন সহকারি শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তদন্তকারী সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের বিষয়টি তদন্ত করতে মঙ্গলবার ওই ছাত্রীর বক্তব্য শোনা হয়েছে। প্রধান শিক্ষকের বক্তব্য শুনে আগামী দু’একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ছাত্রীকে যৌন হয়রানি করার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।