
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ২১:৫৭

বরিশালে বিদেশী পিস্তল, বোমা ও বোমা তৈরীর সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুলকে আটক করেছে র্যাব। শুক্রবার (২৮ জানুয়ারী) সকালে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল র্যাব-৮ এর সদর দফতের আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেনে উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আটককৃত সন্ত্রাসী বাবুল হাওলাদার ভোলা জেলা সদরের দক্ষিণ দিঘলদি এলাকার মৃত মোজাফর হাওলাদারের ছেলে।
সংবাদ সম্মেলনে মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে যে ককটেলসহ হাতবোমা বিস্ফোরণ হয়েছে, তার বেশিরভাগই আটককৃত বোমা বাবুল সরবরাহ করেছে। দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর গোয়েন্দা তৎপরতা রাখে র্যাব সদস্যরা। এরই ধারাবাহিকতায় র্যাব জানতে পারে অস্ত্রসহ বিভিন্ন প্রকার বিস্ফোরক দ্রব্যসহ বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানাধীন লঞ্চঘাট এলাকায় অবস্থান করছে বোমা বাবুল। যে তথ্যের সত্যতা যাচাইয়ের পর র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়।
এ সময় বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুলকে ২টি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তলসহ আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪ রাউন্ড এ্যমোনেশন, ৩ টি তাজা বোম, বোমা তৈরির কাজে ব্যবহৃত ৮শ’ গ্রাম গান পাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল,২ প্যাকেট বিয়ারিং বল, ১০ টি জর্দার কৌটা, ১২ টি বিস্ফোরক ভর্তি কলম, ৫টি লাল টেপ, তিন কালারের ৫ মিটার বৈদ্যুতিক তার,২ কেজি কাচের টুকরা এবং অস্ত্র ও বোমা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়।

আটকের পর বাবুল জানায় সে পেশাদার অস্ত্র ব্যবসায়ী, বোমা তৈরীর একজন দক্ষ কারিগর এবং বোমা তৈরীর বিভিন্ন প্রকার সরঞ্জামাদি বিক্রয় ও নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ রাখে ও ধ্বংসাত্বক কাজে ব্যবহার করে। এছাড়া আটককৃত বোমা বাবুলকে জিজ্ঞাসাবাদ ও তার পিসি পিআর যাচাই করে জানা যায় তার বিরুদ্ধে ভোলা সদর এবং দৌলতখান থানায় হত্যা, ডাকাতি, চুরি, মাদক, নারী নির্যাতনসহ একাধিক মারামারি মামলা রয়েছে।
মেজর মোহাম্মদ জাহাঙ্গির আলম জানান, জব্দকৃত আলামতসহ আটককৃতকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করার পাশাপাশি এ সংক্রান্তে বোমা বাবুলের বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।