
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০:৫৩

নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। রোববার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, রাজধানীর ধলপুর এলাকার গৃহবধূ নরসিংদীর গাউছিয়া এলাকায় নানির বাড়ি যাওয়ার উদ্দেশে রোববার রাত দশটায় যাত্রাবাড়ী থেকে সায়দাবাদ-গাউছিয়া রুটে চলাচলকারী মুক্তিযোদ্ধা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে উঠেন। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিমরাইল এলাকায় পৌঁছলে তিনি ছাড়া অন্যান্য যাত্রীরা নেমে যান।
পরে বাসটি বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডের কাছে থামিয়ে উচ্চ শব্দে গান বাজিয়ে চালক, কন্ট্রাক্টর ও হেলপার মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এক পর্যায়ে নির্যাতিতা গৃহবধূ আহত অবস্থায় বাস থেকে নেমে ট্রিপল নাইনে (৯৯৯) কল দিয়ে গণধর্ষণের বিষয়টি পুলিশকে জানান। বন্দর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারসহ বাসটি জব্দ করে এবং ধর্ষণের অভিযোগে বাসটির চালক নজরুল হক, কন্ট্রাক্টর শান্ত ও হেলপার বুলেটকে আটক করে।

এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে রাতেই বন্দর থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে তার পরিবার।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরু জানান, সোমবার দুপুরে আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত বাস চালক নুরুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর দুই আসামি প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তাদের কোর্ট হাজতে পাঠানোর নির্দেশ দেন। বয়স যাচাই করে এই দুইজনের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইতিমধ্যে পুলিশ ধর্ষণের আলামত সংগ্রহসহ নির্যাতিত গৃহবধূকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষার কাজ সম্পন্ন করেছে।