
প্রকাশ: ২৬ জুন ২০২১, ২:৩০

বরিশালে এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ শনিবার সকালে বাসুদেব চক্রবর্তী (৪০) নামের ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের মৃত নারায়ন চক্রবর্তীর পুত্র বাসুদেব।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এক নারীকে আটক করেছে। এদিকে এ ঘটনায় প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
বাসুদেবের বড় ভাই হারতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিখিল চক্রবর্তী জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বাসুদেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জমির বিরোধীয় প্রতিপক্ষরা বাসুদেবকে ডেকে নিয়ে যায়।

পরে জামবাড়ি সড়কের উপর থেকে অসুস্থ অবস্থায় বাসুদেবকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানিয়েছেন, পরকীয়ার টানে ওই গ্রামের মিনতী রানী মিতুর (৩২) ভাড়া বাড়িতে দেখা করতে গিয়েছিল বাসুদেব। পথে তিনি অসুস্থ হয়ে মারা যেতে পারেন।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, পুরো ঘটনাটি রহস্যজনক। তাই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিনতী রানী নামে এক নারীকে আটক করা হয়েছে।