
প্রকাশ: ২৬ জুন ২০২১, ২:১৭

প্যাথলজি বিভাগ থেকে অন্য গ্রুপের রক্ত সরবরাহ এবং সেই রক্ত রোগীর শরীরে পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন লোকমান হোসেন নামের এক রোগী। ঘটনাটি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের। গুরুতর অসুস্থ লোকমান হোসেন ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের মুনসুর খানের পুত্র।
শনিবার সকালে রোগী লোকমান হোসেন’র কন্যা রিয়া মনি জানান, গত ২৩ জুন তার বাবা অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরীক্ষা-নীরিক্ষায় তার বাবার শরীরে রক্ত শুন্যতা ধরা পড়ে। তাই তার রক্তের গ্রুপ অনুযায়ী ‘এ’ পজেটিভ রক্ত দেওয়ার সিদ্ধান্ত হয়।
কিন্তু ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ২৪ জুন দুপুর আড়াইটার দিকে তার বাবার শরীরে হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত দেওয়া হয়।

এ সময় তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিউ) পাঠানো হয়। বর্তমানে তার বাবা মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক চিকিৎসক জানিয়েছেন ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত শরীরে পুশ করার কারনে ওই রোগীর মানসিক সমস্যা হতে পারে। এমনকি শরীরের কোন অংশের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোগী বেঁচে থাকবেন।
হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম জানান, ‘এ’ পজেটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত রোগীর শরীরে পুশ করার ঘটনাটি শুনেছি। বিষয়টির খোঁজ নিয়ে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।