
প্রকাশ: ২ জুন ২০২৪, ৩:৫৭

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা জয়ের লক্ষ্যে এবার শক্তিশালী দল ঘোষণা করে পাকিস্তান। দলটি যদি চলমান বিশ্বকাপ জিততে পারে তাহলে আগামী বছরের হজে তাদের রাজকীয় অতিথি করবে সৌদি আরব।
রোববার (২ জুন) পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকি পাকিস্তান ক্রিকেট দলের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ৬ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের জন্য আমার বার্তা হচ্ছে, ইন শা আল্লাহ তোমরা টুর্নামেন্ট জিতবে। এবং পাকিস্তানের জনগণ ২০২৪ বিশ্বকাপে দলের সাফল্য উদ্যাপন করবে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আগামী বছর পাকিস্তান দল হজে রাজকীয় অতিথি হবে।’
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ভারত, স্বাগতিক যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা। পাঁচ দলের মধ্যে শীর্ষ দুটি দল সুপার এইটে উঠবে।