কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড কেরুনতলী স্টেশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পায় কোস্ট গার্ড। ওই তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত নাফ নদীতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী।
অভিযান চলাকালে নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পান কোস্ট গার্ড সদস্যরা। নৌকাটিকে থামার সংকেত দেওয়া হলে মাদক পাচারকারীরা তা উপেক্ষা করে মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়।
পরে নদীতে তল্লাশি চালিয়ে ভাসমান অবস্থায় পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলো খুলে ৪ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। মাদকের বিস্তার রোধে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।