মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র থেকে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় বিশেষ অভিযান চালানো হয়। সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্রে অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোট দেখতে পেয়ে সেটিকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। তবে বোটটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেটি আটক করা হয়।
পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা নয়জনকে আটক করা হয়। সার ও বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।